ঝিনাইদহে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা সেলিম রেজা (৪০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১১) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। বুধবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দা গ্রামীন ব্যাংকের অফিসার সেলিম রেজা সকালে মোটরসাইকেলযোগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিলেন। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মেয়ে সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
আহত সেলিম রেজার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নিয়ে আসার পথে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ইত্তেফাক/জেডএইচডি
