প্রয়াত পুলিশ কর্মকর্তার স্ত্রীকে ১ লাখ টাকা প্রদান করলেন মাশরাফির স্ত্রী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১

গত ২৭ ডিসেম্বর নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া নড়াইল ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মিন্টুর (৪০) স্ত্রী রাবেয়ার চিকিৎসার্থে এক লাখ টাকা প্রদান করছেন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি। শনিবার দুপুরে সদর হাসপাতালে গিয়ে এ অর্থ প্রদান করেন সুমি।

এ সময় নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম উপস্থিত ছিলেন। এদিন রাবেয়া সদর হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন।

আরো পড়ুন: নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন মাশরাফি

এদিকে পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম বলেন, মরিুজ্জামানের স্ত্রীর চিকিৎসার্থে পুলিশ সুপারের পক্ষ থেকে আরো ৭০ হাজার এবং জেলা প্রশাসক মহোদয় ১০ হাজার টাকা প্রদান করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তার দায়িত্বে থাকা নড়াইল ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মিন্টু বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নিহত মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে।

ইত্তেফাক/বিএএফ