খুমেকে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১১:৫৫

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মিজানুর রহমান (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফুলতলা উপজেলার বাসিন্দা।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক  (মেডিসিন) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার রাত ১টার দিকে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, খুমেক হাসপাতালের পিসিআর মেশিনে এখন পর্যন্ত ১ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসকসহ খুলনারই রয়েছেন ৫ জন। এদিকে, মঙ্গলবার নূর আলম খান নামে একজন করোনা আক্রান্ত রোগী মারা যান। তিনি খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত ব্যক্তি। মৃত নূর আলম খান রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে। 

ইত্তেফাক/এমআরএম