করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে 'আইএএ'

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২৩:২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রী এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (ইফেসকু) এলামনাই এসোসিয়েশন (আইএএ) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত শেখ কামাল জিমনেশিয়াম প্রাঙ্গণে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭০ জনের (বিশ্ববিদ্যালয়ের আশে-পাশে বসবাসরত সিএনজি চালক, বিশ্ববিদ্যালয়ের মাস্টাররোলে কর্মরত স্বল্পআয়ের চাকরিজীবী এবং দুস্থদের) মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপ এবং লকডাউনে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে হতদরিদ্র, খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ বর্তমানে দুর্বিষহ জীবন-যাপন করছেন। এ সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত সম্প্রসারণ করে একটু সহযোগিতা করা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এলামনাই এসোসিয়েশন, ধনাঢ্য ব্যক্তি বর্গসহ আমাদের প্রত্যেকের উচিৎ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইএএ এর উদ্যোগে আয়োজিত এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি খাদ্যসামগ্রী বিতরণ কালে তার সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধৈর্য ধারণ করে এ দুর্যোগ মোকাবিলায় যার যার অবস্থান থেকে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করার পরামর্শ দেন। উপাচার্য সকলকে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান এবং জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন, ইফেসকুর প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, ইফেসকুর প্রভাষক কাজী নজরুল ইসলাম, আইএএ এর যুগ্ম-সাধারণ সম্পাদক আলী মাহবুব মো. হুসেইন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ইফেসকু’র সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের যে কেউ করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের জন্য আইএএ’র উদ্যোগে একটি হটলাইন খোলা হয়েছে। হটলাইনে যোগাযোগের নম্বর ০১৭১১৬৪৩৯৯৮ এবং ইমেইল ঠিকানা [email protected], ইফেসকু’র যে কেউ এই হটলাইন নম্বরে কল অথবা ইমেইল ঠিকানায় মেইল করার সঙ্গে সঙ্গে সাহায্য গ্রহীতার পরিচয় গোপন রেখে আইএএ এর পক্ষ থেকে সাহায্য সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

ইত্তেফাক/আরএ