বন্দর নির্মাণের জন্য চীনাদের সঙ্গে করা ১০ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করেছেন তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি। তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জাকায়া কিকওয়েত এই চুক্তি স্বাক্ষর করেছিলেন।
চুক্তির যে শর্ত ছিলো তার তীব্র সমালোচনা করেন তানজানিয়ার রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘চীনাদের এই শর্ত কেবল মাত্র মাতাল লোকই গ্রহণ করতে পারে।’
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাগমায়োতে নৌবন্দরটি তৈরির জন্য চীনা বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি করেন তানজানিয়ার সাবেক রাষ্ট্রপতি কিকওয়েত।
যাতে শর্ত ছিলো, ৩০ বছরের মধ্যে তানজানিয়াকে লোন পরিশোধ করতে হবে। অন্যথায় বন্দরটি চীনা বিনিয়োগকারীদের হাতে চলে যাবে। আর যদি এই সময়ের মধ্যে লোন পরিশোধ করাও হয় তাহলে ৯৯ বছরের জন্য লিজ নেবে চীনারা।
চীনা ও কিকওয়েত প্রশাসনের করা এই চুক্তিতে আরও শর্ত ছিলো, এই সময়ের মধ্যে বন্দরে যে কেউ বিনিয়োগ করতে পারবে। এতে তানজানিয়ান সরকারের বাধা দেওয়ার কোনো ক্ষমতা থাকতে পারবে না।
যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, চীনাদের এ সব ঋণকে ‘হত্যাকারী চাইনিজ লোন’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীন প্রায়ই আফ্রিকার দরিদ্র দেশগুলোতে এসব ঋণের ফাঁদ পাতে। এর মাধ্যমে তারা দরিদ্র দেশগুলিকে তাদের জালে জড়িয়ে ক্ষমতা গ্রহণ করতে চায়।
ইত্তেফাক/জেডএইচ
