চিকিৎসক থেকে শুরু করে নার্স, আয়া, অ্যাম্বুলেন্স চালক করোনা ভাইরাসে আক্রান্ত হওযায় হবিগঞ্জের ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা সেবা সাময়িত বন্ধ করা হয়েছে। এনিয়ে জেলার তিনটি হাসপাতালে সেবা বন্ধ করা হলো।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, এমন পরিস্থিতিতে আগামী তিন দিনের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল বন্ধ করা হয়েছে তবে করোনা রোগীর সেবা অব্যাহত থাকবে।
এর আগে লাখাই ও চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স দুটোতে সেবা কার্যক্রম বন্ধ করা হয়েছিল। শনিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের একজন চিকিৎসক, দুইজন নার্স, দুইজন প্যাথলজিস্ট, একজন ব্রাদার, একজন ক্লিনার , দুইজন আয়া, দুইজন অ্যাম্বুলেন্স চালক করোনায় শনাক্ত হন। একই দিন হবিগঞ্জের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজিরের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ঝালমুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যুর পর হরিলুট
এদিকে করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের শিশু পুত্র আবাস তন্তবায় (৫) সিলেট শামছুূ্দ্িদন হাসপাতালে শনিবার রাতে মারা গেছে। এটি করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জ জেলায় প্রথম মৃত্যু। গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা মাইক্রোবাস চালকের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। আইইডিসিআর ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করে শনিবার রাত পর্যন্ত ৪৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
ইত্তেফাক/এসি
