নাগরিকমত

করোনায় বিপর্যস্ত বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ, এখনই সাবধান হন

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০০:১৫

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পায় নি। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম 'করোনা' ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মেলে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত রোগীর সংখ্যা এবং বড় হতে থাকে উক্ত বৈশ্বিক মহামারীতে মৃত্যুর মিছিল।

গত ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ (২০১৮ সালের ৬১ নং আইন) এর ১১ (১) ধারার ক্ষমতাবলে সমগ্র বাংলাদেশকে 'করোনা' ভাইরাসের সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই এখনই সবাই আতঙ্কিত না হয়ে, সচেতন থেকে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা বজায় রাখুন।

বর্তমানে এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে আমরা বাঙালিরা আছি, সেটা হয়তো এখনো অনেকেই সঠিকভাবে উপলব্ধি করতে পারছি না। দিনকে দিন আমরা বিপদজনক পরিস্থিতির খুবই কাছাকাছি চলে যাচ্ছি। আর একটা ব্যাপার খুবই কষ্টের। এমন ভয়াবহ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়নি কোন অস্ত্র নিয়ে যুদ্ধ যেতে বা নিজের জীবন বাজি রেখে কিছু করতে। নির্দেশনা খুবই সাধারণ। সরকার বলেছে বাসায় থাকতে, আর নিজেকে সুরক্ষিত রাখতে। সেটা করতেই আমাদের কতটা অনীহা!!!

নিরাপত্তা বাহিনীর প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনারা অতিদ্রুত আরো কঠোর হোন। আমাদেরকে অনেক বোঝানো হয়েছে, অনেক সচেতন করা হয়েছে আর নয়! এখন দয়া করে কঠোর হস্তে দমন করুন। বাইরে অযথা ঘোরাঘুরি, চায়ের দোকানে আড্ডাবাজি, বাজারে-অলিগলিতে হাঁটাহাঁটি ইত্যাদি।

সকল করোনা যোদ্ধাদের জানাই স্যালুট। আপনারা একদমই মনোবল হারাবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি। বিশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি। জাতির এই ক্রান্তিকালে নিজ মাতৃভূমির জন্য আপনাদের এই ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত সকল কর্মকর্তাদের প্রতি জানাই বিশেষ ধন্যবাদ। সকল করোনা যোদ্ধাদের সর্বোচ্চ সুরক্ষা দিয়ে জাতির এই ক্রান্তিকালে আমাদের প্রিয় বাংলাদেশকে বাঁচাতে হবে। আমরা সবাই কিন্তু যে যার জায়গা থেকে চারপাশের পিছিয়ে পড়া মানুষগুলোকে সহযোগিতা করে যাচ্ছি। আমি যেহেতু একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই আমার বিশেষ অনুরোধ আমার স্নেহের শিক্ষার্থীদের প্রতি, 'আপনাদের সবাইকে মনে রাখতে হবে, আপনারাই এই জাতির ভবিষ্যৎ। আপনারা জাতির এই ক্রান্তিকালে দেশের জন্য যার যার জায়গা থেকে যতদূর পারেন কাজ করে যাবেন। নিজের এলাকার প্রশাসনকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। নিজে সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, পরিবারের মানুষগুলো ও চারপাশের সবাইকে সুরক্ষিত রাখবেন।

পাশাপাশি দেশের সাধারণ মানুষগুলোর প্রতি অনুরোধ, আপনারা ভয় পাবেন না। আতঙ্কিত হবেন না। সবাই সবার জায়গা থেকে আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ করোনা প্রতিরোধে অতিদ্রুত সফল হবে। তাই সবাই আতঙ্কিত না হয়ে বাসায় থাকি, সবাইকে সুরক্ষিত রাখি। নিজে সুস্থ থাকবেন, করোনা প্রতিরোধে সরকারকে সহযোগিতা করবেন।

মো. শাহ জালাল মিশুক

লেখক: সহকারী অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ইত্তেফাক/আরএ