মাদক সেবনে মাতলামিতে নিষেধ করায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ মে ২০২০, ০৮:২৯

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে ইয়াবা খেয়ে বিশৃংখলা সৃষ্টিতে বাধা দেয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৩ মে) সন্ধ্যার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোঃ আব্দুল্লাহ ওরফে বাবু (২৩) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মাঝরপাড়ার আব্দুল মোনাফের ছেলে। জনতার সহায়তায় হামলাকারীদের মধ্য থেকে হোয়াইক্যং তুলাতুলি এলাকার মো. হোসেন লালু নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ( ৩ মে) বিকাল ৫টার দিকে একই এলাকার ফরিদের মেয়ে জামাই হেলাল (২৪) নিহত আব্দুল্লাহ বাড়ির সামনে মাতলামি করছিল। এসময় আব্দুল্লাহ তাকে বাধা দেয় ও বিশৃংখলা করতে বারণ করেন। এ নিয়ে নিহত আব্দুল্লাহ সাথে তর্কে জড়িয়ে পড়েন হেলাল। তর্কের খবর শুনে নিহতের ভাই উভয়কে শান্ত করে যার যার বাড়িতে পাঠিয়ে দেন।

কিন্তু ক্ষিপ্ত হেলাল সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় রবিউল আলম রবি ও মো. হোসেনের নেতৃত্বে ৮-১০ জনকে নিয়ে  আব্দুল্লাহর বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র নিয়ে হামলাকারিরা আব্দুল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায়। এসময় হত্যাকারি একজনকে আটক করে নিহতের স্বজনরা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, খবর পেয়ে এসআই নাজমুলের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল রয়েছে।

ইত্তেফাক/আরকেজি