ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওনের কাছে পাত্তাই পাননি ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বেসরকারি ফলে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
দুই উপজেলার ১১৫টি কেন্দ্রে বেসরকারি সূত্রে প্রাপ্ত তথ্যে আওয়ামী লীগ প্রার্থী শাওন পেয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাও. মোসলেউদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৫ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ২ হাজার ৫০২ ভোট। অপরদিকে লাঙ্গল প্রতীক নিয়ে নূরুন্নবী সুমন পেয়েছেন ২ হাজার ২৬০ ভোট।
এই আসন থেকে চারবারের সাবেক সংসদ সদস্য মেজর হাফিজ। যিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের মন্ত্রীও ছিলেন।
লালমোহন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও হাবিবুল হাসান রুমি জানান, লালমোহনের ৮০টি কেন্দ্রের মধ্যে ৭৯টি কেন্দ্রের তথ্য হাতে এসেছে। এর মধ্যে নৌকা প্রতীকে ১ লক্ষ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন। হাতপাখা পেয়েছে ২ হাজার ৫২৫ ভোট। ধানের শীষ পেয়েছে ১ হাজার ৬৩৮ ভোট। লাঙ্গল পেয়েছে ১ হাজার ৪১৮ ভোট।
আরো পড়ুন: খালেদার আসনে বিপুল ভোটে জয়ী ফখরুল
তজুমদ্দিন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও প্রশান্ত কুমার দাস জানান, তজুমদ্দিনে ৩৫টি কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৪২৭ ভোট। হাতপাখা পেয়েছেন ১৫৪০ ভোট, ধানের শীষ পেয়েছেন ৮১৪ ভোট ও লাঙ্গল ৮০১ ভোট।
ইত্তেফাক/কেআই
