যেকোনো সময় ভেঙে পড়তে পারে ব্রিজটি

আপডেট : ১৬ মে ২০২০, ১৮:২৭

কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীর ওপর পাকিস্তান আমলে নির্মিত ব্রিজটি হুমকির মুখে। যেকোনো সময় সম্পূর্ণ ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে পৌরসভাসহ দুই ইউনিয়নের ১০ গ্রামের কয়েক হাজার মানুষের। এ পরিস্থিতিতে এলাকাবাসী রাস্তার দুইপাশে বাঁশ বেঁধে যান-চলাচল বন্ধ করে দিলেও মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে অনেকেই। 

জানা গেছে, জেলার উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি গ্রামে পাকিস্তান আমলে বুড়িতিস্তা নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। গত বছর বন্যার সময় ব্রিজটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও পৌর কর্তৃপক্ষের অবহেলায় তা আর মেরামত করা হয়নি। ফলে বর্তমানে এ সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, গত বছরেই ব্রিজটির নিচের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়ে ফ্লোরের পাকা অংশসহ উইং ওয়ালের ফাটল ধরে। কিন্তু উলিপুর পৌরসভা কর্তৃপক্ষকে বার বার বলার পরেও শুষ্ক মৌসুমে তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে গত কয়েকদিনের বৃষ্টির পানির তোড়ে উইং ওয়ালের ইট বিচ্ছিন্ন পড়লে ব্রিজের পাটাতন ভেঙ্গে গিয়ে মাটির উপর আটকে আছে। ফলে যেকোন মহুর্তে ব্রিজটি ভেঙ্গে পড়ে প্রাণহানির আশংকা করছেন এলাকাবাসী।

আরও পড়ুন: ১৪৪ ধারা ভেঙে করতোয়ার বালু হরিলুট

ওই এলাকার খামার গ্রামের মোজাম্মেল হক (৫৫), আব্দুর রশিদ(৭০), আব্দুর রাজ্জাকসহ (৬৫) অনেকে জানান, বহু বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। প্রতিদিন ব্রিজের ওপর দিয়ে পূর্ব ছড়ারপাড়, পিয়াদা পাড়া, সটিবাড়ি, চরপাড়া, খেওয়ার পাড়, হিন্দুপাড়া, মাঝিপাড়া, রায়পাড়া, বকুলতলা, খামার ভাটিয়াপাড়া, গুনাইগাছ ইউনিয়নের কালুডাঙ্গা, থেতরাই ইউনিয়নের হারুননেফড়া গ্রামসহ ১০/১২টি গ্রামের মানুষসহ শতশত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ পরিস্থিতিতে এসব এলাকার হাজার হাজার মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। 

উলিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, একজন উপ-সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ব্রিজ দেখার পর বলতে পারবো, কি করা যাবে।

ইত্তেফাক/এসি