আগামীতে কী ঘটতে যাচ্ছে সেটা সময় বলে দিবে

আপডেট : ১৭ মে ২০২০, ০৯:৫৫

করোনা ভাইরাস বর্তমান বিশ্বের ভয়াবহ এক আতঙ্কের নাম। যত দিন যাচ্ছে, ততই কঠিন পরিস্থিতির দিকে এগোচ্ছে এ বিশ্ব। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

অকের মতে শুরু থেকেই যদি চীন সঠিক তথ্য দিত, তাহলে অন্য দেশগুলোর প্রস্তুতি ভিন্ন রকম হলেও হতে পারত। তাছাড়া করোনা ভাইরাস এ যুদ্ধের মধ্য দিয়ে চীন তাদের আধিপত্য বিস্তার করতে চেয়েছে। হতে চেয়েছে শক্তিশালী বাণিজ্যিক রাষ্ট্র, প্রতিষ্ঠা করতে চেয়েছে বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা। 

এজন্যে পশ্চিমা দেশগুলো জোটবদ্ধ হয়ে করোনায় তাদের এই বেহাল দশার জন্য চীনকে দোষারোপ করছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট তাদের একটি প্রতিবেদনে চীনে করোনায় ৫০ হাজার লোক মারা গেছে এবং দেশটি মৃত ও আক্রান্তের বিষয়ে প্রকৃত তথ্য দেয়নি বলেও দাবি করেন।

করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। এ মহামারিতে ভয়ানক প্রাণহানির ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইরাসটি ছড়িয়ে দেওয়ার জন্য চীনকে দায়ী করেছেন। 

তিনি বলেছেন, ভাইরাস ছড়িয়ে দেওয়ার পেছনে চীনের হাত রয়েছে এবং তারা যদি জেনেশুনে এটি করে থাকে বলে প্রমাণ হয়, তবে এর ফল ভোগ করতে হবে দেশটিকে। ট্রাম্পের এ ধরনের বক্তব্য নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা বাগ্যুদ্ধও ঘটে গেছে। 

এছাড়াও ফ্রান্স, ব্রিটেন, জার্মানিসহ বেশ কয়েকটি রাষ্ট্র এ ভাইরাসের জন্য চীনকে দায়ী করে আসছে। দেশগুলোর দাবি, চীনের উহান থেকেই করোনা ভাইরাসের উত্পত্তি এবং বিষয়টিকে তারা ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। এছাড়া করোনায় আক্রান্ত ও মৃত সংখ্যা অনেক কম করে দেখিয়েছে বলে চীনের বিরুদ্ধে তাদের অভিযোগ।

চীন বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করে আসছে এমনকি পশ্চিমা দেশগুলোকে পালটা যুক্তিও দিচ্ছে। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য ছিল এমন, ‘২০০৯ সালে আমেরিকা থেকে ভয়াবহ এইচওয়ানএনওয়ান ভাইরাস সারা বিশ্বের ২১৪ দেশে ছড়িয়েছে এবং ২ লাখ লোক মারা গেছে। এইডসও ছড়িয়েছিল আমেরিকা থেকে। তার জন্য কেউ যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন?

তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাও পশ্চিমা দেশগুলোর অভিযোগ মিথ্যা দাবি করে গত ২১ এপ্রিল মঙ্গলবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী ছড়ানো করোনা ভাইরাস বাদুড় থেকে উত্পত্তি হয়েছিল চীনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফাদেলা চাইব বলেন, ‘সকল তথ্য প্রমাণাদি থেকে জানা যায় যে, ভাইরাসটি একটি প্রাণী থেকে মানুষে ছড়িয়েছে। এটি কোনো গবেষণাগারে বা অন্য কোথাও থেকে ছড়ায়নি।

পশ্চিমা দেশগুলো জোটবদ্ধ হয়ে চীনকে দোষী সাব্যস্ত ও মামলা করলে চীনও অবশ্য ছেড়ে কথা বলবে না। দুই পক্ষই সমানেসমান। করোনা পরবর্তী সময়টা মন্দা, ক্ষুধা আর দুর্ভিক্ষের সঙ্গে বিশ্ব হয়ত দেখতে পারে আরেকটি ভয়াবহ যুদ্ধ। তবে আগামীতে কি ঘটতে যাচ্ছে সেটা সময় বলে দিবে।

লেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

এ সম্পর্কিত আরও পড়ুন