বরিশালে একসঙ্গে অতিরিক্ত মুসল্লিদের ভিড় এড়াতে নগরী ও জেলার মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত করার নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, ইমাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে তাদের এ পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত ঈদগাহ বা খোলা মাঠে করা যাবে না। বিষয়টি ইমাম ও মসজিদ কমিটির সঙ্গে সভা করে মসজিদে একাধিক জামাত করার পরামর্শ দেওয়া হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতিটি মসজিদে মুসল্লিদের উপস্থিতি অনুযায়ী একাধিক ঈদের জামাত করার পরামর্শ দেওয়া হয়। মুসল্লিদের উপস্থিতি দেখে পরিস্থিতি বিবেচনায় মসজিদ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ঈদ জামাতে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মুসল্লিদের হাত ঘুরে পেঁপেটির মূল্য দাঁড়ালো ১ লাখ ৬৯ হাজার টাকা
বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি ও জামে কশাই মসজিদের ইমাম কাজী আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, জেলা প্রশাসনের এ পরামর্শের বিষয়টি মেনে নগরীর সুপরিচিত মসজিদগুলোতে দুটি থেকে চারটি পর্যন্ত ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। কশাই মসজিদে তিনটি এবং এবায়দুল্লাহ মসজিদে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিদ্ধান্তের কথা বেশিরভাগ মসজিদের ইমামদের জানিয়ে দিয়েছেন। যাতে করে সংশ্লিষ্ট মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এসি
