গোপালগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০ 

আপডেট : ২৬ মে ২০২০, ২১:৩৪

গোপালগঞ্জের মুকসুদপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মুকসুদপুর উপজেলার বণগ্রাম ও মহারাজপুর গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। 

এ সময় বণগ্রাম বাজারের ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ও চারটি বসতবাড়ি ভাংচুর ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। পুলিশ ৪৯ রাউন্ড রাবার বুলেট ও দুই রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন : পীরগঞ্জে ঝড়ে কোটি টাকার আমের ক্ষতি

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মীর সাজেদুর রহমান জানান, সোমবার বিকেলে মহারাজপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়ার ছেলে আলমগীর মিয়াকে মহারাজপুর গ্রামের এক ইজিবাইক চালক ধাক্কা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহারাজপুর গ্রামের লোকজন বণগ্রাম বাজারে হামলা চালায়। পরে বণগ্রামের মানুষ এগিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। এ সময় বণগ্রাম বাজারের ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ও চারটি বাড়ি ভাংচুর করা হয়। ইউপি চেয়ারম্যানের ছেলে আলমগীরের মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। পরে পুলিশ ও র‌্যাব দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


ইত্তেফাক/ইউবি