বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী অকাল প্রয়াত আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন নিউইয়র্কের সঙ্গীত শিল্পী ও ভক্তরা। এক ঝাঁক জনপ্রিয় শিল্পী তার গানগুলো পরিবেশন করেন। আর ভক্তরা তাদের কণ্ঠে প্রিয় শিল্পীর গান শুনে যেমন ছিলেন বিনোদিত, তেমন ছিলেন আপ্লুত।
গত ৯ নভেম্বর শুক্রবার উডসাইডের কুইন্স প্যালেসে ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছিল শো টাইম মিউজিক অ্যান্ড প্লের (এসএমপি) কর্ণধার আলমগীর খান আলম।
আইয়ুব বাচ্চুর সঙ্গে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক গভীর সম্পর্ক গড়ে উঠেছিল ১৯৯৮ সালে, এক কনসার্টের মধ্য দিয়ে। এরপর ২০০০, ২০০৪, ২০০৬ ও ২০০৯ সালে শো টাইম মিউজিকের ব্যানারে নিউইয়র্কে এলআরবির কনসার্ট হয়েছে। এসব কনসার্টের মাধ্যমে খুব কাছ থেকে প্রিয় শিল্পীর গান শোনার সুযোগ পেয়েছিলেন নিউইয়র্কের ভক্তরা।
আর এসব কারণেই প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে নিউইয়র্কে আয়োজন করা হয় ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ অনুষ্ঠানের। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। বাইরে প্রতিকূল আবহাওয়া। যেমন ছিল ঠাণ্ডা, তেমন ছিল বৃষ্টি। রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানটি ছিল বলতে গেলে দর্শকশূন্য। আয়োজক ও শিল্পীরা অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু রাত ৯টার পর আয়োজকদের সে হতাশা দূর করে আসনগুলো ভরতে শুরু করলো। শুরু হলো নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে এলআরবির গান। নাঈম, রিচার্ড, জোহান, পার্থ ও রিপনের বাদ্যযন্ত্রও সেদিন ঝড় তুলেছিল। তাদের বাদ্যযন্ত্র, সাউন্ডগিয়ারের সাউন্ড এবং শিল্পীরদের পরিবেশনা, সব মিলিয়ে ছিল অসাধারণ। এ কারণে দেরিতে হওয়া অনুষ্ঠানটি চলে গভীর রাত পর্যন্ত।
‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমপির কর্ণধার আলমগীর খান আলম। উদ্বোধনী পর্ব উপস্থাপনা করেন সেলিম ইব্রাহিম। পরে পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন শায়লা ইফতেখার। তার প্রতিষ্ঠান শিফট টেকনোলজি এ অনুষ্ঠানের অন্যতম স্পন্সরও ছিল।
অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান চন্দন চৌধুরী, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, রোখসানা মির্জা, তানভীর শাহীন, শামীম সিদ্দিকী, রাজিব চক্রবর্তী, রিপন রহমান, রায়ান তাজ, রূপা, চন্দন রায়, সৌরভ, চন্দ্রা রায়, রানো নেওয়াজ, মাধব, জনি, জোহান আলমগীর, রিচার্ড, মায়েস্ট্রো জোহান, টিপু ও আমানত হোসেন আমান। এছাড়া আইয়ুব বাচ্চুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সংস্কৃতি কর্মী শিবলী সাদেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, নূরুল আজিম, কাজী আজম, জাকারিয়া চৌধুরী, মাকসুদ এইচ চৌধুরী, লিটন চৌধুরী, আহসান হাবিব, সাংবাদিক আকবর হায়দার কিরণ, আবু তাহের ও নিহার সিদ্দিকী প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
