গণপরিবহন বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে রেকর্ডসংখ্যক মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার পারাপার হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এই সংখ্যা ছিল ২৫ হাজার।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে গত ৩২ ঘন্টায় মোটরসাইকেল প্রায় সাড়ে ছয় হাজার, মাইক্রো-প্রাইভেটকার সাড়ে ১১ হাজার এবং বাকি ৭ হাজার মালবাহী ট্রাকসহ ছোট ছোট ট্রাক পারাপার হয়েছে। এতে রেকর্ড সৃষ্টি হয়েছে প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলে। দক্ষিণ ও উত্তরবঙ্গের মানুষ কর্মস্থলে ফিরতে যানগুলো ব্যবহার করছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: পরকীয়ার বাধা হওয়ায় স্বামীকে মেরে পুঁতে দিয়েছিলেন স্ত্রী
সরেজমিনে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে, গণপরিবহন বন্ধ থাকা ও সরকারি-বেসরকারি অফিসগুলো খোলা থাকায় মানুষজন বিভিন্নভাবে ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাচ্ছেন। এতে মহাসড়কে মিনি ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রো, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। মানুষজন গন্তব্য পৌঁছাতে এসব যান ব্যবহার করছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মোটরসাইকেল, মাইক্রো ও প্রাইভেটকারের সংখ্যা গতকালের (বৃহস্পতিবার) চেয়ে অনেক বেশি চলাচল করছে। এই সকল যান ব্যবহার করে দক্ষিণ ও উত্তরবঙ্গ থেকে মানুষজন ঢাকায় যাচ্ছে। অনেকেই পরিবার নিয়ে যাচ্ছে। তবে শনিবার থেকে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে হচ্ছে।
ইত্তেফাক/এসি
