চুরুলিয়ায় নজরুলের প্রতীকী কবর, ভার্চুয়াল জন্মোৎসবের সমাপ্তি

আপডেট : ৩১ মে ২০২০, ১৩:০২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মূল কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে থাকলেও তার আরো একটি কবর রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়ায় তার জন্মস্থানে। 

মূল কবর থেকে মাটি নিয়ে স্ত্রী প্রমিলা দেবীর কবরের পাশে ১৯৯৬ সালে নজরুলের আরেকটি প্রতীকী কবর স্থাপন করা হয়। সেখানে প্রতি বছর নজরুল একাডেমির উদ্যোগে কবির জন্মজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়। কিন্তু এবার নজরুলের ১২১তম জন্মবার্ষিকী অনেকটা নীরবে পালিত হচ্ছে। করোনার কারণে কোথাও কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই, এমনকি চুরুলিয়াতেও নেই।

হুগলি থেকে নজরুল সঙ্গীত শিল্পী সুপর্ণা ব্যানার্জি জানান, আমরা প্রতি বছর সেখানে জাঁকজমকপূর্ণ নজরুল মেলা করি। এবার তা থেকে বঞ্চিত। কারণ করোনা আমাদের গৃহবন্দি করে রেখেছে। ফলে প্রিয় কবিরা জন্মোৎসবে বিঘ্ন ঘটছে।

চুরুলিয়া থেকে কবির নাতনি সোনালী কাজী ইত্তেফাককে জানান, আগের মতো জন্মোৎসবের আয়োজন না থাকলেও আমরা অনলাইনে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করছি। আসাম, ত্রিপুরা, বাংলাদেশের শিল্পীরা এতে অংশ নিচ্ছেন।

২৫ মে অনুষ্ঠানের কবির ভাতিজা এবং চুরুরিয়াস্থ নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কাজী রেজাউল করিম সামাজিক দূরত্ব বজায় রেখে কজন শিল্পী নিয়ে প্রতীকী কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মাধ্যমে কবির জন্মোৎসবের সূচনা করেন তিনি। ৩১ মে এই ভার্চুয়াল নজরুল মেলার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

ইত্তেফাক/জেডএইচ