মেহেন্দিগঞ্জে মাদ্রাসার অফিস সহকারীকে জুতার মালা পড়ানোর মূলহোতা চেয়ারম্যান গ্রেফতার 

আপডেট : ০৪ জুন ২০২০, ২৩:০৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর দাখিল মাদ্রাসার অফিস সহকারী ও স্থানীয় একটি মসজিদের ইমামকে গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী ঘটনার মূলহোতা দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা রাড়ি ও সাবেক মেম্বার সাত্তার সিকদার পুলিশের (বিশেষ শাখা) হাতে গ্রেফতার। বৃহস্পতিবার বিকেলে পুলিশের (বিশেষ শাখা) অভিযান চালিয়ে মুলাদি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। অভিযান পরিচালনা করেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. নাঈমুল হক।

প্রসঙ্গত, বরিশালের মেহেন্দিগঞ্জে এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ তুলে একটি মাদ্রাসার অফিস সহকারী ও স্থানীয় একটি মসজিদের ইমামকে গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী করেছে দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার সহযোগীরা। বুধবার বিকেলে ঐ ইমামকে জুতার মালা পড়িয়ে ঘোড়ানোর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। হেনেস্তার শিকার শহীদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা রাড়িসহ ৯জনের নামোল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

ইত্তেফাক/আরকেজি