বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ১৩ জুন ২০২০, ১৬:৪৩

বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে ভূটান থেকে পাথর আমদানির মধ্যদিয়ে এই কর্যক্রম শুরু হয়। চাঞ্চল্য ফিরে এসেছে বন্দরটিতে। করোনার সংক্রমণ এড়াতে গত ২৫ মার্চ থেকে সারাদেশের স্থল বন্দরের কার্যক্রম বন্ধ করেছিল সরকার।

জানাগেছে এই বন্দর দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচশ ট্রাক মালামাল নিয়ে যাতায়াত করলেও করোনা পরিস্থিতির কারণে বর্তমানে একশটি ট্রাক যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবেশ পথে বিজিবির পরিচালনায় প্রতিটি ট্রাককে স্যানিটাইজ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা ট্রাক ড্রাইভারদের থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপ করছেন। 

আরও পড়ুন: তিস্তার গ্রাসে কাউনিয়ার পূর্ব তালুক শাহাবাজ গ্রাম

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করতে জেলা প্রশাসন ১৩টি স্বাস্থ্য বিধি বিষয়ক শর্ত আরোপ করেছেন। আমরা সকল শর্ত পালন করে কার্যক্রম শুরু করেছি। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বন্দর সংশ্লিষ্ট সকলেই সচেষ্ট আছেন।

কার্যক্রম শুরু সময় বন্দরে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, আমদানি রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নিয়নের নেতৃবৃন্দ প্রমুখ। 

ইত্তেফাক/এসি