গাজীপুরে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের কুলকিনারা হয়নি

আপডেট : ১৩ জুন ২০২০, ২৩:০৮

গাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে গুলি করে কারখানার ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো কোনো কুলকিনারা পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে রহস্যজনক এই ছিনতাইয়ের ঘটনায় ছায়া তদন্তকারী একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গতকাল শনিবার ইত্তেফাককে জানিয়েছেন, তারা ছিনতাইকারী এই চক্রটি শনাক্ত করেছেন। অভিযান চলছে। দুই-এক দিনের মধ্যে চক্রটিকে আটক করা এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার সম্ভব হবে।

গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া নামক স্থানে গত ৭ জুন দিনে-দুপুরে ইনক্রিডিবল ফ্যাশন লি. এর মাইক্রোবাসে গুলি করে ৮০ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। এসময় ছিনতাইকারীদের গুলিতে মাইক্রোবাস চালক ইব্রাহিম মিয়া গুলিবিদ্ধ হন। আহত হন আরো তিন জন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় টঙ্গী আহসান উল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, ঐদিন ব্যাংক এশিয়া কালিয়াকৈর শাখা থেকে টাকা তোলার পর তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক তাদের মাইক্রোবাস অনুসরণ করতে থাকে। মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া নামক নির্মাণাধীন ওভার ব্রিজের পূর্ব পাশে আসা মাত্র আরো ৩-৪ জন ছিনতাইকারী হলুদ রংয়ের একটি পিকআপ গাড়ি দিয়ে মাইক্রোবাসের গতিরোধ করে। এসময় তিনটি মোটর সাইকেল ও একটি নোহা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীরা ৬-৭ রাউন্ড গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ছিনতাইকারীরা মাইক্রোবাসটি সড়কের পাশে নিয়ে চাইনিজ কুড়াল দিয়ে মাইক্রোবাসের জানালার গ্লাস ও পেছনের গ্লাস ভেঙে ফেলে। পরে টাকার বস্তা কেড়ে নেওয়ার চেষ্টা করলে গাড়িতে থাকা নিরাপত্তা কর্মী গোলাপ ও শহিদুল ইসলাম বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তাদের হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে ছিনতাইকারীরা টাকার বস্তা মাইক্রোবাস থেকে নিয়ে পিকআপ ভ্যানে তুলে টাঙ্গাইলের দিকে চলে যায়।