কালোটাকা পুঁজিবাজারে বিনিয়োগের শর্ত তুলে নিতে আহ্বান

আপডেট : ১৬ জুন ২০২০, ২২:০০

পুঁজিবাজারে অপ্রদর্শিত কালোটাকা সাদা করে বিনিয়োগের যে শর্ত দিয়েছে তার ফলে কেউ বিনিয়োগ করবে না বলে দাবি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক রকিবুর রহমান। তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, যেখানে অন্য সেক্টরগুলোতে অপ্রদর্শিত টাকা সাদা করার অত্যন্ত সহজ শর্তে সুবিধা দিয়েছে তাতে পুঁজিবাজারে এই টাকা আসার কোনো সম্ভাবনা নেই। যেমন :ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র, ব্যাংকে টাকা থাকলে অথবা বন্ড, মিউচুয়াল ফান্ড যেখানেই অপ্রদর্শিত কালোটাকা যা ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। সেখানে মাত্র ১০ শতাংশ ট্যাক্স দিয়ে পুরো টাকাটা সাদা করার সুযোগ দিয়েছেন। সেখানে পুঁজিবাজারের মতো একটি নির্দিষ্ট বিনিয়োগ ধরে রাখতে হবে এই ধরনের কোনো শর্ত নেই। কোথাও কোনো শর্ত দিয়ে কাউকে বিনিয়োগে আনা যাবে না।

তিনি বলেন, পুঁজিবাজারে যে তারল্য সংকট চলছে তার একমাত্র সমাধান হলো অপ্রদর্শিত কালোটাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ করে দেওয়া। যাতে কোনো শর্ত থাকবে না। তাতে যারা অপ্রদর্শিত এ কালোটাকা               সাদা করবেন, তারা তাদের প্ল্যানিং মতো বিনিয়োগ করবেন। এই সুযোগ যখন থাকবে তখন এই অপ্রদর্শিত কালোটাকা যা সহজভাবে সাদা হয়েছে তা অর্থনীতির মূলধারায় এবং পুঁজিবাজারে তারল্য সংকট দূর করে শক্তিশালী করতে একটি ভালো ভূমিকা রাখবে।