সাভারের আশুলিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চিহ্নিত মাদক ব্যবসায়ী রায়হান সরকার নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা টেবলেট ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব। নিহত রায়হান কবীরপুর উত্তরপাড়া এলাকার একটি তিনতলা বাড়িতে ভাড়া থাকতো। সে চাঁদপুর জেলার উত্তর মতলব থানার বাসিন্দা।
র্যাব জানায়, সোমবার সকালে ইয়াবার একটি বড়ো চালান আসার খবর পেয়ে র্যাব-২-এর একটি দল সকাল সাড়ে ৯টার দিকে রায়হানের বাসায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সে ঘরের ভেতর থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পালটা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে রায়হান মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, নিহত রায়হান এক জন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
র্যাব-২-এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, রায়হান সরকার বড়ো মাপের মাদক ব্যবসায়ী ছিল। সে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিল। এর আগে তার কাছ থেকে মাদকের বেশ কয়েকটি বড়ো চালান উদ্ধার করা হয়েছিল। এসব ঘটনাসহ বিভিন্ন অভিযোগে থানায় তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।
