ক্রিকেট নিয়ে জুয়া খেলায় সাত হাজার টাকা পাওনা নিয়ে বন্ধুর লাঠির আঘাতে প্রাণ গেলো আরেক বন্ধুর। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুরে। নিহত মোঃ সোহাগ মিয়া (২৫) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।
বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার রাতের খেলা নিয়ে সোহাগ ও তার বন্ধু একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাগর জুয়ায় বাজি ধরে। বাজিতে সোহাগ হেরে গিয়ে টাকা পরিশোধে তালবাহানা করে। এতে বাগবিতণ্ডা হয় তাদের।
ওই রাতে মীমাংসার কথা বলে সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাগর ও তার কয়েকজন সহযোগী। পাওনা জুয়ার টাকা নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে সাগর লাঠি দিয়ে সোহাগের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় সোহাগ। এ অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতু এলাকায় মারা যায় সোহাগ।
আরও পড়ুনঃ খুলনায় সাংবাদিক হেদায়েত হোসেন জামিনে মুক্ত
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, 'এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। তবে অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।'
ইত্তেফাক/অনি/নূহু
