দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৬:৫৩

দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। চীন-ভারতের উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো মার্কিন নৌবাহিনী।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন নৌবাহিনী জানিয়েছে সামরিক মহড়ায় অংশ নিতে জাহাজগুলোকে ওই এলাকায় পাঠানো হবে। এর মধ্যে রয়েছে দুইটি বিমানবাহী জাহাজ ও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ।

মার্কিন নৌবাহিনী দাবি করছে, এই সামরিক সমাবেশের পেছনে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

এদিকে ১ জুলাই থেকে দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জ এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে চীন। ৫ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে মহড়া।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইতোমধ্যেই এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, বেইজিংয়ের এমন পদক্ষেপ এই অঞ্চলকে ফের অস্থিতিশীল করে তুলবে।

মৎস্য সম্পদসহ মূল্যবান তেল ও গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর। এখান দিয়ে বছরে প্রায় পাঁচ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। 

পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে চীন। এছাড়া ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়াসহ আরো কয়েকটি দেশ ওই অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে।

তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের দাবি না করলেও, ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ধরে রাখতে চায়। তাই তারা চীন সাগরে দীর্ঘদিন ধরেই সামরিক মহড়া পরিচালনার পরিকল্পনা করে আসছে মার্কিন নৌবাহিনী। 

ইত্তেফাক/জেডএইচ