বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক শেষের ঘোষণা ট্রাম্পের

প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করবো: বাইডেন

আপডেট : ০৮ জুলাই ২০২০, ১২:৫২

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক শেষের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত নন দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য অন্যতম প্রার্থী জো বাইডেন।

মঙ্গলবার এ বিষয়ে তিনি বলেন, তিনি নির্বাচিত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ব্যাপারে নেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত দ্রুত বাতিল করবেন।

ডেমোক্রেটিক দলের এ সম্ভাব্য প্রার্থী টুইটার বার্তায় লিখেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা জোরদারে আমেরিকা অংশ নিলে মার্কিন নাগরিকরা নিরাপদ থাকবেন।

প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম দিনে আমি ডব্লিউএইচও’তে ফের যুক্ত হবো এবং এ বিশ্ব মঞ্চে আমাদের নেতৃত্ব পুন:প্রতিষ্ঠিত করবো।’

এদিকে বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে চীনের পক্ষ নেয়ার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক নোটিশ দেয়া হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের বিষয়ে সকল শর্ত মেনে চলা হয়েছে কি না সেই বিষয়টি মহাসচিব যাচাই বাছাই করছে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, ২০২১ সালের ৬ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যেতে পারবে যুক্তরাষ্ট্র। ১৯৪৮ সালের মার্কিন কংগ্রেসের একটি যৌথ রেজুলেশন অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেরিয়ে যাওয়ার জন্য এক বছর পূর্বে নোটিশ দিতে হবে । পাশাপাশি সকল বকেয়া পরিশোধ করতে হবে।

ইত্তেফাক/জেডএইচডি