কোভিড-১৯, করোনা ভাইরাসের কারণে দেশের খেলাধুলা বন্ধই হয়ে আছে। প্রায় সাড়ে চার মাস হতে চলল। ইউরোপিয়ান ফুটবল মাঠে গড়িয়েছে। ইংল্যান্ডে ক্রিকেট গড়িয়েছে। সেসব দিকে না তাকিয়ে এখন দেশের খেলা কীভাবে শুরু করা যায়, তা নিয়ে আলোচনায় বসেছে ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল দুপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু কবে খেলা মাঠে গড়ানো যায়, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি মন্ত্রণালয়। খেলা শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ চায় ক্রীড়া মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় হতে সবুজ সংকেত পাওয়া গেলে করোনায় আক্রান্ত দেশের খেলাধুলা মাঠে গড়ানোর অনুমতি দেবে ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারা খুব দ্রুতই চিঠি পাঠাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। শুধু তাই নয়, মন্ত্রণালয় হতে ক্রিকেট বোর্ড বাফুফেসহ দেশের সব ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনগুলোকেও চিঠি দিয়ে জানতে চাওয়া হবে, তারা কীভাবে খেলা আয়োজন করতে চায়। মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য সুরক্ষা মেনে ফেডারেশনগুলো কীভাবে খেলা আয়োজন করতে পারবে তার পরিষ্কার ধারণা চায়। কিছু খেলা রয়েছে, যেখানে দূরত্ব মেনে মাঠে বা কোটে নামা যায়। আবার কিছু খেলা রয়েছে একজনের নিঃশ্বাস খুব সহজেই আরেকজনের ঘাড়ে স্পর্শ করে। যেহেতু ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ বেশি, তাই সংবেদনশীল বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে মন্ত্রণালয়। ক্রীড়া ফেডারেশনগুলোর কাছ থেকে পরিকল্পনা পাওয়ার পর মন্ত্রণালয় পুনরায় সভায় বসবে।
