ভারতের সীমান্ত পিলার গুঁড়িয়ে দিয়েছে নেপালিরা!

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৮:৩০

ভারতের কয়েকটি অঞ্চলকে দেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি যে বিরোধিতার রাস্তা তৈরি করেছেন সেই পথে হেঁটেই সীমান্ত লাগোয়া গ্রামের নেপালিরা গুঁড়িয়ে দিয়েছে সীমান্ত পিলার। স্থানীয় মানুষের দাবি, ঐ এলাকা তাদেরই।

সূত্রের খবর, ভারত-নেপাল সীমান্তে সীতা গুহার সামনেই একটি পিলার ছিল। সীতা গুহার কাছে যে এলাকা রয়েছে তা নেপালের বলে দাবি করে কয়েক জন নেপালি নাগরিক তা বড় হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন বলে অভিযোগ। তবে খবরের সত্যতা ভারতীয় সেনা বাহিনীর তরফে স্বীকার করা হয়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ নিয়ে কিছু জানানো হয়নি।

তবে একটি সূত্রে জানা গেছে, সীতা গুহায় পিলার ভাঙার খবর পেয়ে সেখানে ভারতীয় সেনা পৌঁছেছে। এই ঘটনাকে ঘিরে ঐ অঞ্চলে উত্তেজনাও রয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল ভারতের ইন্ডিয়া টাইমসের বাংলা অনলাইন মিডিয়া এই সময়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।