এবার মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিল চীন

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৯:৪৪

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চাইনিজ শহর চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে চীন সরকার। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

চীনা জানায়, বেইজিং চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেটের লাইসেন্স বাতিল করে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সরকার দেশটির হিউস্টন শহরে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর পাল্টা ব্যবস্থা নিয়েছে বেইজিং।

চীনের দেওয়া বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অযৌক্তিক দাবি করে এবং বেইজিংয়ের পদক্ষেপকে আইনসম্মত ও যথোপযুক্ত জবাব বলে আখ্যায়িত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, চীন-মার্কিন সম্পর্ক এখন এমন এক স্থানে এসে দাঁড়িয়েছে যা বেইজিংয়ের কাম্য ছিল না এবং এর পুরো দায়ভার আমেরিকার।

আরও পড়ুন: মুসলিম উইঘুরদের ওপর গণহত্যা চালিয়েছে চীন!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিলেন। তখনই বেইজিং ট্রাম্পের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিয়েছিল। পার্সটুডে।

ইত্তেফাক/আরআই