মান্ডা ঝিলে নৌকাডুবি, কিশোর-কিশোরীর মৃত্যু 

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০০:১৫

রাজধানীর মুগদা থানার মান্ডা ঝিলে নৌকা ডুবে কিশোর ও কিশোরীর  মৃত্যু হয়েছে। তারা হচ্ছে নাঈমা সুলতানা (১৮) ও মৃদুল হাসান রাব্বি (১৮)। 

মঙ্গলবার বিকাল সোয়া ৫ টার দিকে মান্ডার কদমআলী ঝিলপাড়ে এই নোকাডুবি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, নৌকা নিয়ে ৫ বন্ধু বেড়াতে গিয়েছিল কদমআলী ঝিলপাড়ে। এ সময় নৌকা ডুবে গেলে ৩ জন সাঁতরে পাড়ে আসতে পারলেও দুজন পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে কয়েক ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৯টার দিকে তাদের দুজনকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতদের বাসা মুগদা মান্ডা সরকার বাড়ি এলাকায়। তারা পরস্পর বন্ধু। মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। 

আরো পড়ুন : পদ্মায় আরো এক স্কুল ভবন বিলীন

মুগদা থানার এসআই প্রাণতোষ বণিক জানান, রাব্বির বাবার নাম মো. রিপন। তারা মান্ডার স্থানীয়। বাসা উত্তর মান্ডায়। আর নাঈমা সুলতানার বাবার নাম মাইনুদ্দিন। বাড়ি ফেনী জেলায়। বর্তমানে মান্ডা সরকার বাড়ি এলাকায় থাকে। দুজনেই শিক্ষার্থী। তবে প্রতিষ্ঠানের নাম এখন জানা যায়নি।

ইত্তেফাক/ইউবি