কুমিল্লার হোমনা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলার খোদেদাউদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার খোদেদাউদপুর গ্রামের আমির হোসেন খন্দকারের ছেলে আপতাহি (১৪) ও রিপন মিয়ার ছেলে শাকিব (১১)।
জানা গেছে, নিহত আপতাহি ও শাকিব সম্পর্কে মামাতে ফুফাতো ভাই। আপতাহি ঈদের আগের দিন ঢাকা থেকে খোদেদাউদপুর গ্রামে দাদার বাড়িতে এবং শাকিব খালার বাড়িতে আসে। সোমবার সকাল ১০টার দিকে তারা দু’জন পাড়ার অন্য ছেলেদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সেখান থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, ‘পানিতে ডুবে নিহত শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ইত্তেফাক/এএএম
