করোনা ভাইরাসের সংক্রমণরোধে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার মেঘনা বিচে লোকসমাগম নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে রামগতি উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন। পরের ঘোষণা না দেওয়া পর্যন্ত বলবত থাকবে এই নির্দেশনা।
ঈদের দিন থেকে আলেকজান্ডার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে (আলেকজান্ডার মেঘনা বিচে) মানুষের ঢল নামে। ঘুরতে এসে স্বাস্থ্যবিধি মানছেন না দর্শনার্থীরা। পিকআপ, ট্রাক, বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে দূর-দূরান্ত থেকে আসছেন নানা বয়সের হাজারও মানুষ।
আরও পড়ুন: ‘৮ মার্চের পর ইতালিতে অনুপ্রবেশকারীরা অবৈধ, ফেরত পাঠানো হবে নিজ দেশে’
ইউএনও জানান, করোনার বিস্তার রোধ এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষে শর্তসাপেক্ষে জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ করার জন্য স্বাস্থ্যবিধি জারি করেছে সরকার। এই স্বাস্থ্যবিধি অনুযায়ী আলেকজান্ডার মেঘনা বিচ এলাকায় দর্শনার্থীদের চলাচলে নির্দেশনা দেওয়া হয়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এছাড়া বিচ এলাকায় আনসার নিযুক্ত করা হয়। কিন্তু সরেজমিনে দেখা যাচ্ছে কোনো দর্শনার্থীই মাস্ক ব্যবহার করছেন না এবং সামাজিক দুরত্ব বজায় রাখছেন না।
ইত্তেফাক/এসি
