জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে অস্ট্রিয়ায় অবস্থিত ভিয়েনার বাংলাদেশ দূতাবাস। এই উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
শনিবার সকালে দূতালয় এবং বাংলাদেশ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু করা হয় । পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয় । শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং এক মিনিট নীরবতা পালন করা হয় । পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন এবং সংগ্রামের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় ।
জাতীয় শোক দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করে শোনানো হয় । বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তারাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত, মিশন উপ প্রধান রাহাত বিন জামান, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম, খন্দকার হাফিজুর রহমান নাসিম, আহমেদ ফিরোজ, সাইফুজ্জামান শেখ, রবিন মোহাম্মদ আলী, জান্নাতুল ফরহাদ, মজনু আজাদ, রানা বখতিয়ার সহ প্রবাসী বাংলাদেশীরা ।
রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত তার সমাপনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিলে বিশ্ব নেতা। বিশ্ব তখন দুই ভাগে বিভক্ত ছিল। এক অংশ ছিলো শোষক অপর অংশ শোষিত। বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের পক্ষে এবং তিনি ছিলেন শোষিত মানুষের নেতা । বাঙালি জাতি চিরদিনের জন্য বঙ্গবন্ধুর কাছে ঋণী । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে সেই ঋণ শোধ হতে পারে । আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।
ইত্তেফাক/এসআই
