আটলান্টায় আইয়ুব বাচ্চু স্মরণে কনসার্ট

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:২৭

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে গত ২৯ ডিসেম্বর আটলান্টার বার্কমার হাইস্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আর্তমানবতার সেবায় কনসার্ট।

আটলান্টা প্রবাসী আবিম ইসলাম সোহেলের আয়োজনে উক্ত কনসার্টে সংগীত পরিবেশন করেন নিউ ইয়র্ক ও নিউজার্সির কিউ ফোর ব্যান্ড-এর মিটুল ও ঝান্ডা, আটলান্টার ব্যান্ড রিফ্লেকশন-এর শিল্পী রোমেল খান, গাইডেন হকিন্স, মুরাদ, সাবা ও রাজীব ছাড়াও আটলান্টার এবি এক্সপেরিয়েন্স ব্যান্ড দলের এবি জুনিয়র, নাফিস, আকিব ও নাশেদ। 

কিউ ফোর ব্যান্ড প্রয়াত আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান 'ঘুমন্ত শহর' দিয়ে শুরু করেl দুই সদস্যের এই ব্যান্ড তাদের বিশেষ পারফরম্যান্সের মাধ্যমে টানা এক ঘণ্টা দর্শকদের মাতিয়ে রাখেl আইয়ুব বাচ্চুর সাড়ে তিন হাত মাটি, ময়না, মন চাইলে মন, গতকাল রাতে, মেঘনাদ গানগুলো গেয়ে কিউ ফোর ব্যান্ড আটলান্টাবাসীর মন জয় করে নেয়।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় আইয়ুব বাচ্চু স্মরণে কনসার্ট। ছবি: সংগৃহীত

এরপর অন্য দুইটি  ব্যান্ডই পর্যায়ক্রমে ঘুম ভাঙা শহরে, রূপালী গিটার, তারা ভরা রাতে, হাসতে দেখো সহ আরো কয়েকটি গান গেয়ে প্রায় দুই শত প্রবাসীদের মুগ্ধ করে রাখেন মধ্যরাত অবধি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিল্পী, কলাকুশলী ও আয়োজকদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‌'সেই তুমি কেন এত অচেনা হলে'। বাংলাদেশি ব্যান্ড জগতের এই শিল্পীর অকালপ্রয়ানে তার ভক্ত ও অনুরাগীদের নিয়ে এই কনসার্টে আইয়ুব বাচ্চুকে আবার স্মরণ করল আটলান্টা প্রবাসীরা।

আয়োজক আবিম ইসলাম সোহেল জানান, কনসার্ট থেকে পাওয়া অর্থ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে সোয়েটার ও কম্বল বিতরণ ছাড়াও বাংলাদেশের একটি বৃদ্ধাশ্রমে দান করা হবে।

ইত্তেফাক/জেডএইচ