বরিশালে মসজিদের ওপর থেকে হাইভোল্টেজ তার অপসারণ দাবি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৩

নগরীর কাশীপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিকটে বাইতুন নূর জামে মসজিদের ওপর দিয়ে হাইভোল্টেজ বিদ্যুতের তার অপসারণের দাবিতে গতকাল শুক্রবার এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্থানীয় মুসল্লিদের আয়োজনে মসজিদ কমিটির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বড় ধরনের দুর্ঘটনার আগেই হাইভোল্টেজ এ তার অপসারণের দাবি জানান। মসজিদের খতিব হাফেজ মাওলানা শাইখ হাসনাইন মাহমুদ ছিদ্দিকী, মসজিদের মুতাওয়াল্লি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন কামাল মুন্সিসহ অন্যরা দাবি করেন বিদ্যুত্ বিভাগের তার এবং মসজিদের দেওয়াল ও অজুখানার মধ্যে একাধিক বিদ্যুতিক খুঁটি থাকায় মসজিদটির কোনো সংস্কার বা উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে না। তারের নিচে জীবনের ঝুঁকি নিয়ে শত শত মুসল্লি নামাজ আদায় করে আসছেন। বিদ্যুতের হাইভোল্টেজ তার ও খুঁটি সরিয়ে না ফেললে যে কোনো সময় নারায়ণগঞ্জ ট্র্যাজেডির চেয়েও ভয়ানক ঘটনা ঘটতে পারে।

বরিশাল বিদ্যুত্ বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার স্থানটি পরিদর্শন করেছেন। ঐ লাইনটি দীর্ঘ ৪০ বছর আগের হওয়ায় গুরুত্বপূর্ণ ৭/৮ লাইন যুক্ত রয়েছে, যা কোনোভাবেই সরানো যাচ্ছে না। তবে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন স্থাপনের লক্ষ্যে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা ২০২২ সালে শুরু হবে। মাটির নিচ দিয়ে লাইন গেলে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।