নাশকতার আটটি মামলায় বিএনপির ১৬ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০১৮ সালে নগরীর বায়েজিদ থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করা হয়। তারা হলেন—এরশাদ, ডা. ফরহাদ, গনেশ ভুট্টো, আকবর হোসাইন, ফখরুল ইসলাম, ইদ্রিস, হুমায়ুন কবির, জুয়েল, রুহুল আমিন, জাফর, জাহাঙ্গীর, খোকন, মনজুর আলম, খাজা স্বপন, হাসান সওদাগর ও নাসের।
আদালত সূত্র জানায়, নাশকতার আটটি মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। গতকাল তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধিতা করেন। আদালত শুনানি শেষে ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসব মামলায় ১০ জন আসামিকে বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় আদালত জামিন দেন।
