সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মঙ্গলবার ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন এর কাছে তার ক্রেডেনশিয়াল পেশ করেন। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ওআইসির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করবেন।
এ সময় রাষ্ট্রদূত ওআইসির মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের সাথে সংস্থাটির আরও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার বিষয় উল্লেখ করলে মহাসচিব মামলার তহবিল বাড়াতে সম্পূর্ণ সহায়তা প্রদান ও বাংলাদেশকে এ বিষয়ে রাজনৈতিক ও নৈতিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। রাষ্ট্রদূত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিষয়ে ওআইসির পদক্ষেপ গ্রহণের জন্য মহাসচিবকে অনুরোধ করেন।
বাংলাদেশকে ওআইসির সক্রিয় সদস্য হিসাবে উল্লেখ করে মহাসচিব বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করেন যা সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে। এছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমুহে ওআইসির সদস্যভুক্ত নাগরিকদের বৃত্তির তথ্য প্রদানের অনুরোধ করা হয় যা ওআইসির ডাটাবেজে প্রকাশ করা হবে।
আরো পড়ুন : মক্কার গভর্নরের সঙ্গে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর বৈঠক
বাংলাদেশকে নারীর ক্ষমতায়নের রোল মডেল হিসাবে প্রশংসা করে মহাসচিব বলেন, এ সফলতা অর্জনে বাংলাদেশের জন্য ওআইসি গর্বিত। বৈঠকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্মভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন ও আইসিজেতে রোহিঙ্গাদের গণহত্যার বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ওআইসি সর্বদা বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন মহাসচিব।
ইত্তেফাক/ইউবি
