শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মানুষ শুধু করোনা মোকাবিলা করেছে। আর আমরা একই সঙ্গে করোনা, ঝড়, বন্যা, নদীভাঙন অনেক বিপর্যয় মোকাবিলা করেছি। এই করোনা যুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আমাদের দলের অনেক নেতাকর্মী ত্যাগ স্বীকার করে চলেছেন।
গতকাল শুক্রবার দুপুরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শেখ জামাল সেতুর উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। কিন্তু স্বাধীনতার বিপক্ষের শক্তি চায়নি দেশ এগিয়ে যাক। আওয়ামী লীগ দেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে বলে তিনি উল্লেখ করেন। একই দিন চিফ হুইপ কুতুবপুর ইউনিয়নে ফজলুল করিম বেপারী সেতু ও শিবচর পৌর জামে মসজিদের উদ্বোধন করেন।
