চাঁদপুর পৌরসভা নির্বাচনে গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় ছুরিকাঘাতে মো. ইয়াছিন মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় ঐ কেন্দ্রের বাইরে এই সহিংসতার ঘটনা ঘটে। ইয়াছিনের পিতা হারুন মোল্লা অভিযোগ করেন, তাকে ছুরিকাঘাত করে কোড়ালিয়া এলাকার মফিজ মিজির ছেলে মো. শাহাদাত মিজি (২০)।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে তার বন্ধু রিয়াদ চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কর্তব্যরত চিকিত্সক নুরে আলম প্রাথমিক চিকিত্সা দিয়ে ঢাকায় রেফার করেন। পরবর্তী সময়ে ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইয়াছিন শহরের কোড়ালিয়া রোডের মো. হারুন মোল্লার ছেলে। হারুন মোল্লা গ্রামীণফোন সেন্টারের দারোয়ান। ভাইদের মধ্যে ইয়াছিন বড় এবং দর্জির কাজ করত।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ওই যুবকের অবস্থা গুরুতর ছিল। ছুরিকাঘাতে তার গলার রগ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঢাকার নেওয়ার পথে মৃত্যু হয়েছে। পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, জানতে পেরেছি নিহত ইয়াছিন ও অভিযুক্ত শাহাদাত উভয়ই একই প্রার্থীর সমর্থক ছিল সিনিয়র ও জুনিয়র নিয়ে তর্কের একপর্যায়ে এই ঘটনায় ঘটে। অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
