ভারতের প্রেক্ষাগৃহে আবারও মুক্তি পাচ্ছে দেশটির প্রধানমন্ত্রীকে নিয়ে বানানো বায়োপিক 'পি এম নরেন্দ্র মোদি'। করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা সিনেমা হল খুললেই ১৫ অক্টোবর সবার প্রথম দেখানো হবে 'পি এম নরেন্দ্র মোদি'। খবর হিন্দুস্তান টাইমস।
গত বছর ২৪ মে এই বায়োপিকটি মুক্তি পেয়েছিল ভারতের প্রেক্ষাগৃহগুলোতে। মূলত সিনেমাটি দেখানো হয়েছে, একজন চা বিক্রেতা হিসেবে জীবন শুরু করে কিভাবে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেলেন।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গত লোকসভা নির্বাচনের আগে ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্বাচনী বিধিভঙ্গের দায়ে মুক্তি আটকে গিয়েছিল ‘পি এম নরেন্দ্র মোদি’। অবশেষে ২৪ মে ২০১৯ মুক্তি পায় বায়োপিকটি।
ওমাঙ্গ কুমার পরিচালিত এই ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। প্রধানমন্ত্রীকে নিয়ে বানানো প্রথম বায়োপিকটি মুক্তির প্রথম দিনেই প্রায় ২.৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল।
ছবিটির পুনরায় মুক্তির কারণ হিসেবে প্রযোজক সন্দীপ এস সিং জানান , দেশের অন্যতম শ্র্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদি। ২০১৯ সালের নির্বাচনী ফলাফলেই তা আবার প্রমাণিত হয়েছে। করোনার আতঙ্ক কাটিয়ে আবার যখন মানুষ স্বাভাবিক জীবনে একটু একটু করে ফিরছেন , আবার যখন প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দেওয়া হয়েছে, তখন এমন মহান দেশনায়কের জীবনী দেখিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার থেকে ভালো প্রস্তাব আর কী হতে পারে! আমি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিত।
আরও পড়ুন: রোজা রেখে মহামারির জন্য অর্থ সংগ্রহ, পদক দিলেন ব্রিটেনের রানি
চলচ্চিত্রে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি, বরখা বিস্ত সেনগুপ্ত, জরিনা ওয়াহাব, দর্শন কুমার, রাজেন্দ্র গুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ।
ইত্তেফাক/আরআই
