কুষ্টিয়ার রূপালী ব্যাংক লিমিটেড (কুষ্টিয়া শাখা) থেকে টাকা উত্তোলনের পর গননার সময় ক্যাশ কাউন্টার থেকে রহস্যজনকভাবে খোয়া গেছে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক আব্দুল জলিলের পঞ্চাশ হাজার টাকা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর সোয়া ৩টার দিকে ব্যাংকের ভেতর থেকে টাকা খোয়া যাওয়ার ঘটনাটি ঘটে। ঘটনার দুদিন পরও খোয়া যাওয়া টাকা উদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে ব্যাংকের নিরাপত্তা কর্মী ও সিসি ক্যামেরার নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে দিন-দুপুরে টাকা খোয়া যাওয়ার ঘটনায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ব্যাংক সূত্র জানায়, 'গত বৃহস্পতিবার দুপুর সোয়া ৩ টারদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের বাসিন্দা তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জলিল তার এ্যাকাউন্ট থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারে টাকা গননার সময় ৫০ হাজার টাকার একটি বান্ডিল রহস্যজনকভাবে খোয়া যায়। ঘটনার পর ওই শিক্ষককের আহাজারিতে বিষয়টি জানাজানি হয় এবং তিনি টাকা উদ্ধারে ব্যাংকের ম্যানেজারসহ কর্মকর্তাদের কাছে সাহায্য চান। কিন্তু ব্যাংক কর্মকর্তারা তার অনুরোধের পরিপ্রেক্ষিতে কোন পদক্ষেপ গ্রহন না করে গড়িমশি করতে থাকেন'।
এছাড়া কর্মকর্তারা এক পর্যায়ে ক্ষতিগ্রস্থ ওই গ্রাহককে ব্যাংক থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ব্যাংকের ঠিক প্রবেশমুখে নিয়োজিত নিরাপত্তা কর্মী ও ক্যাশ কাউন্টার সংলগ্ন সিসি ক্যামেরা থাকা সত্বেও টাকা খোয়া যাওয়ার ঘটনায় ব্যাংকের সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই শিক্ষক কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ করেছেন।
আরও পড়ুন: মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত
রুপালী ব্যাংক শাখার ম্যানেজার মোঃ সেলিম উদ্দিন বিষয়টি স্বীকার করে জানান, 'ক্ষতিগ্রস্থ গ্রাহককে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে'।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এসআই আশিক জানান, 'সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে কাউকে চিহ্নিত করা গেলে খোয়া যাওয়া টাকা উদ্ধারসহ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে'।
ইত্তেফাক/জেডএইচডি
