শুধু চা পান করেই ৩০ বছর পার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৫৮

সব খাবার ছেড়ে শুধু চা পান করে বেঁচে থাকা যায়? তাও আবার একদিন নয়, দশদিন দিন নয়, দীর্ঘ তিরিশ বছর! এর পরেও দিব্যি বেঁচে আছেন ছত্তিশগড়ের ‘চায়েওয়ালি চাচি’। শুধু চা পান করে সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে আছেন বলেই দাবি করেছেন কোরিয়া জেলার বরদিয়া গ্রামের বাসিন্দা পিল্লি দেবী।

তার দাবি, ‘১১ বছর বয়স থেকেই অন্য সব খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছেন তিনি। শুধুমাত্র চা পান করে দিব্যি বেঁচে আছেন শেষ তিরিশ বছর ধরে। তার এই অনন্য জীবনধারাই তাকে জন সাধারণের কাছে করে তুলেছে ‘চায়েওয়ালি চাচি।’

পিল্লি দেবীর বাবা রতিরাম জানান, ‘৪৪ বছর বয়সী পিল্লি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়তো তখন থেকেই সে অন্য সব খাওয়া দাওয়া ছেড়ে দেয়। ‘আমাদের মেয়ে কোরিয়া জেলার জনকপুরের পাটনা স্কুল থেকে জেলা পর্যায়ের একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গিয়েছিল। ফিরে এসে হঠাৎ করেই খাবার আর জল খাওয়া একেবারে বন্ধ করে দেয়। সে প্রাথমিকভাবে দুধ চা দিয়ে বিস্কুট বা রুটি খেতো। কিন্তু ধীরে ধীরে সে লাল চা খেতে শুরু করে। তাও দিনে মাত্র একবার, নিয়ম মেনে সূর্যাস্তের পরে তিনি এক কাপ লাল চা খেয়েই ব্রেকফাস্ট থেকে ডিনার সব সেরে ফেলে।’

আরো পড়ুন: পরকীয়ায় হার মেনেছে মমতা! ফেলে যাওয়া শিশু এখন দাদীর কোলে

পিল্লি দেবীর ভাই বিহারীলাল রাজভাড়ে জানান, ‘তার কোনো অসুখ হয়েছে কিনা জানতে আমরা চিকিৎসকের কাছেও নিয়ে যাই; কিন্তু চিকিৎসকরা তার এই অদ্ভুত আচরণের পেছনে কোনো স্বাস্থ্য সমস্যা নির্ণয় করতে পারেননি।’

কোরিয়ায় জেলা হাসপাতালের ডা. এস কে গুপ্তা বলেন, ‘মানুষের পক্ষে কেবল মাত্র চা খেয়ে বেঁচে থাকা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘বিজ্ঞান বলছে; একজন মানুষ ৩০ বছর ধরে কেবল চা খেয়ে বেঁচে থাকতে পারেন না। নবরাত্রির সময় ৯ দিন ধরে মানুষ টানা উপবাস রাখেন এবং কেবল মাত্র চা খেয়েই কাটান। সেই বিষয়টা আলাদা। কিন্তু, ৩০ বছর অনেকটা লম্বা সময়! এটা সত্যিই সম্ভব নয়!’

ইত্তেফাক/বিএএফ