বিশ্ববিদ্যালয় ছাত্রীর আপত্তিকর ছবি প্রকাশ, ঢাবি ছাত্র গ্রেফতার

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২০:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই ছাত্রীর করা মামলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন সাদাতকে  গ্রেফতার করা হয়।

 

গত শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম৷

 

প্রেমের সম্পর্কের সুবাদে সাদাতের কাছে আপত্তিকর ছবি আসে ওই ছাত্রীর। হঠাৎ সম্পর্কের অবনতি হলে আগেই সংগ্রহ করে রাখা ছাত্রীর বেশ কয়েকটি আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। ওই ঘটনায় ছাত্রীর করা মামলায় ছাত্রটিকে গ্রেপ্তারের পর রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন : ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোফাজ্জল সাদাতকে আদালতে পাঠানো হয়েছে৷ ভুক্তভোগী ছাত্রী নিজেই শনিবার মামলাটি করেন।

 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়৷ এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি অগ্রহণযোগ্য৷ পুলিশকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে৷

 

ইত্তেফাক/ইউবি