ইত্তেফাক রিপোর্ট
অবশেষে পুলিশের মতো রেশন পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তা-কর্মচারীরা। এই অধিদপ্তরের ১০ম গ্রেডের কর্মকর্তাসহ তদনিম্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ রেশন সুবিধা পাচ্ছেন। গত ৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। ফলে রেশন প্রদানে আর কোনো বাধা থাকলো না। আগামী মাস থেকেই রেশন সুবিধা পাবেন ডিএনসির কর্মচারীরা। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ অধিশাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো এক চিঠিতে রেশন সুবিধা প্রদানের নির্দেশ দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে ডিএনসির কর্মকর্তা-কর্মচারীরা রেশন সুবিধার বিষয়ে দাবি করে আসছিলেন। তিন বছর আগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রেশন দেওয়ার দাবি উত্থাপন করেন। পাশাপাশি তারা পুলিশের মতো তাদেরকে ঝুঁকি ভাতা দেওয়ারও দাবি তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রেশন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মধ্যে এই তিন বছরে বেশ কয়েকবার চিঠি চালাচালি হয়। এরপর গত ২৬ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে সম্মতি জ্ঞাপন করে।
সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশে ডিএনসির কর্মরত কর্মকর্তা-কর্মচারী এই রেশন সুবিধা পাবেন। একজন কর্মকর্তা বা কর্মচারীকে সর্বোচ্চ চার সদস্যের জন্য মাসিক রেশন দেওয়া হবে। চার সদস্যের জন্য তিনি ৩৫ কেজি চাল, ৩০ কেজি আটা, পাঁচ কেজি চিনি, আট কেজি ডাল ও আট লিটার ভোজ্য তেল পাবেন।
এ বিষয়ে ডিএনসি’র সহকারী পরিচালক (কমন সার্ভিস) শামীম হোসেন বলেন, এটা যুগান্তকারী একটি সিদ্ধান্ত। এতে অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনেক বেশি উত্সাহিত হবে এবং তাদের মনোবল আরো বৃদ্ধি পাবে।
