সৌদি সফরে খাশোগি হত্যার বিচারে জোর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:৪৪

সৌদি আরব সফরে সাংবাদিক জামাল খাশোগি হত্যকান্ডের বিচারের ওপর গুরুত্ব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পমিপও। গতকাল সোমবার তিনি দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি ওমান সফরে যান। এক আত্মীয়ের মৃত্যুর কারণে মধ্যপ্রাচ্য সফর সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্র ফিরছেন মাইক পম্পিও। খবর এনবিসির

বাদশাহ ও যুবরাজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া, ইয়েমেন, কাতার ও ইরান ইস্যু নিয়ে কথা বলেছেন। এছাড়া মানবাধিকার ইস্যু ও সমপ্রতি নির্যাতনের শিকার হয়ে এক মেয়ের পলায়নের বিষয়টিও তাদের আলোচনায় স্থান পেয়েছে। গতকাল বাদশাহ সালমানের সঙ্গে ৩৫ মিনিট বৈঠক করেন মাইক পম্পিও। আর যুবরাজের সঙ্গে তিনি ৪৫ মিনিট বৈঠক করেন। এরপর সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, খাশোগি হত্যার সঙ্গে যুক্ত সবাইকে বিচারের আওতায় আনার আহবান জানিয়েছেন তিনি। হত্যাকান্ডের সঙ্গে জড়িত একজন ব্যক্তিও যেন ছাড় না পায়। বাদশাহ এবং যুবরাজ দুইজনই সবাইকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন বলে সাংবাদিকদের জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: ইউরোপের রবিন চীনে, ব্রেক্সিট নিয়ে মশকরা 

রিয়াদে মার্কিন দূতাবাস এক টুইটার বার্তায় জানিয়েছে, যুবরাজ এবং পম্পিও ইয়েমেনে হামলা কমাতে একমত হয়েছেন। মাইক পম্পিও যুবরাজকে বলেছেন, মধ্যপ্রাচ্যভুক্ত দেশ জর্ডান, ইরাক, মিসর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সফর খুব ভাল হয়েছে। যুবরাজ এসব বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবেন বলে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন।

ইত্তেফাক/আরকেজি