টেক্সটাইলের ফিনিশিং এজেন্ট বা ডিটারজেন্টের নামে ছয়টি প্লাস্টিক ড্রাম খালাসের অপেক্ষায় ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পণ্যাগারে। কিন্তু শুল্ক গোয়েন্দা বিভাগ পরীক্ষা করে পেল বিভিন্ন ব্র্যান্ডের ৪৯৬টি দামি মোবাইল হ্যান্ডসেট। গতকাল বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে এসব মোবাইল ফোনসেট উদ্ধার করে।
উদ্ধার করা ফোনের মধ্যে ২০০টি শাওমি ব্র্যান্ডের রেডমি ৯ ও কে থার্টি আই, ওয়ানপ্লাস সেভেন টি ১৩০টি এবং বিযুক্ত অবস্থায় স্যামসাং ও আইফোন রয়েছে। আমদানি করা এসব ফোনের বাজারমূল্য প্রায় পৌনে তিন কোটি টাকা এবং এর মাধ্যমে দেড় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করেছে আমদানিকারক।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, আমদানিকারক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার এনএস এন্টারপ্রাইজ এবং তার পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্ব পালন করেছে জারতাজ লজিস্টিকস। আমদানিকারকসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।
