খাগড়াছড়ির রামগড়ে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পৌরসভার মেয়রের এক ভাই গুলিবিদ্ধ ও আরেক ভাই গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজনীতি এবং জায়গা সম্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপনের ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের জের ধরে রবিবার(১৫ নভেম্বর) রাত পৌনে ৯ টার দিকে ছোট ভাই কাজী শিপনের সাথে সংঘাতে লিপ্ত হয় অপর দুই ভাই কাজী সাহেদ ও কাজী শিমুল।
প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে শর্টগানের গুলিতে কাজী সাহেদ আহত হন। এ সময় বেদড়ক পিটিয়ে কাজী শিপনকে আহত করা হয়।গুলিবিদ্ধ সাহেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কাজী শিপনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
আরো পড়ুন: চটপটির প্রলোভনে ১০ বছরের শিশুকে রাতভর ধর্ষণ
পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন অভিযোগ করেন, তার ভাই সাহেদ ও শিমুল দুজনে মিলে অপর ভাই শিপনের বাসায় হামলা চালিয়ে জিনিসপত্র ভাংচুর করে। এক পর্যায়ে শিপনকে মারার জন্য শর্টগানের গুলি ছুড়লে তা সাহেদের পায়ে বিদ্ধ হয় এবং শিপনকে বেদম মারধর করেন তারা।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ঘটনাটি ঘটেছে। তবে কার গুলিতে সাহেদ আহত হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি।
ইত্তেফাক/এএইচপি
