কুমিল্লায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৯:৩৪

কুমিল্লার বরুড়া উপজেলায় জহির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে প্রকাশ্য কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বরুড়ার উপজেলার শিলমুড়ী (উত্তর) ইউনিয়নের জীবনপুর ঈদগাহ সংলগ্ন একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত জহির উদ্দিন বরুড়া পৌর এলাকার জিনসার গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার জীবনপুর এলাকার হাসেম মার্কেটের সামনে জহির উদ্দিনকে প্রথমে কুপিয়ে ও পরে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: স্বামী ওপর স্ত্রীর এসিড নিক্ষেপ: হাসপাতাল বলছে এসিড, পুলিশের আগ্রহ ‘অন্যকিছু’তে

বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 

ইত্তেফাক/এসি