১০ সেকেন্ডে ধূলিসাৎ ১৪৪ তলা বিল্ডিং

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৮:০৫

একটি ইমারত তৈরি করতে সময় লাগে কয়েক বছর। তবে তা ধ্বংস করতে বা ধ্বংস হয়ে যেতে সময় নেয় মাত্র কয়েক সেকেন্ড। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহর। সেখানে ১৪৪ তলা বিল্ডিং ভেঙে ফেলা হলো মাত্র ১০ সেকেন্ডে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জানা যায়, ১৪৪ তলা ওই বিল্ডিংটির নাম মিনা টাওয়ার। মাত্র ১০ সেকেন্ডে ভেঙ্গে পড়ায় বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে গেছে। এর আগে এত উঁচু বিল্ডিং অল্প সময়ের মধ্যে কখনো ভেঙে ফেলা হয়নি। ১৬৫ মিটার উঁচু এই বিল্ডিং ডায়নামাইট বোমার মাধ্যমে গুঁড়িয়ে ফেলা হয়। এটি ধ্বংসে ৯১৫ কেজি বিস্ফোরক ৩ হাজারের বেশি ডিটোনেটরের মাধ্যমে সক্রিয় করা হয়। এরপর চোখের পলকে বিল্ডিংটি ধসে পড়ে।

গেল ২৭ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এই উঁচু বিল্ডিংটি কিনে নেয় মোডান প্রপার্টি (ইউএই)। বিস্ফোরণের পরই আবুধাবি মিউনিসিপ্যাল রেগুলেটর, পৌর ও পরিবহন অধিদফতরের পক্ষ থেকে এ বিল্ডিং ধ্বংসের ঘোষণা দেওয়া হয়। জানা যায়, বিল্ডিং ভেঙে ফেলার আগে বন্দর এলাকার দোকান ও বাজারগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় ও ওই এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।

ইত্তেফাক/টিআর