কতিপয় ধর্মব্যবসায়ীর কাছে ইসলাম ধর্ম লিজ দেওয়া হয়নি :তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:১৯

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কতিপয় ধর্মব্যবসায়ীর কাছে ইসলাম ধর্ম লিজ দেওয়া হয়নি।’ গতকাল রবিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত কৃতী শিল্পী সম্মাননা ও ‘বাঙালির তীর্থভূমি’ স্মরণিকার প্রকাশনা উত্সবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মুসলমানরা কয়েক জন ধর্মব্যবসায়ীর কাছে ইসলাম ধর্ম লিজ দেয়নি। তারাই সব বোঝেন আর কেউ কিছু বোঝেন না! সৌদি আরবে ভাস্কর্য জাদুঘর আছে, রাস্তায় রাস্তায় প্রাণীর এমনকি সৌদি বাদশার মুখাবয়াবসম্পন্ন ভাস্কর্যও আছে। মক্কা শরিফ, মদিনা শরিফের ইমাম সাহেব গ্র্যান্ড মুফতি এ নিয়েতো কখনো প্রশ্ন তোলেননি।’

‘আমাদের দেশের এই কয় জন ধর্মব্যবসায়ী তাহলে মক্কা, মদিনা শরিফের ইমামের চেয়েও বেশি জ্ঞানী, ধর্ম নিয়ে বেশি বোঝেন!’ এমন প্রশ্ন রাখেন তিনি। মন্ত্রী বলেন, ‘আসলে এরা ধর্মব্যবসায়ী। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, মতিন চৌধুরী, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।