বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ পাঁচ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের রাজাবাজার এলাকার হোটেল রফিকুল থেকে বিভিন্ন মাদকদ্রব্য ও মাদক বিক্রির ১৭ লাখ ৫৪ হাজার ৭০০ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাজাবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে রংপুর সদরের মাহমুদ আলম (৩৮), সারিয়াকান্দির অন্তারপাড়ার শফিকুল ইসলাম (৫৫), পলাশবাড়ীর চণ্ডিপুরের রেজাউল করিম (২৬), জুয়েল (২৪), বগুড়া শহরের চক লোকমানের নিশাত (২২) ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। উদ্ধার করা হয় মাদক বিক্রির ১৭ লাখ ৫৪ হাজার সাতশ টাকা । এ সময় অপর দুই ব্যবসায়ী শহরের কাটনার পাড়ার জয়নাল আবেদীনের দুই ছেলে আহসান হাবীব (৪৫) ও রফিকুল ইসলাম (৪০) কৌশলে পালিয়ে যায়।
আরো পড়ুন: বগুড়ায় বালু উত্তোলনের সময় ২ শ্রমিকের মৃত্যু
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা, ১৮ বোতল ফেনসিডিল ও ৯২ বোতল ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়। এছাড়া ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ শহরের জয়পুরপাড়া এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ গাবতলীর রামেশ্বরপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আয়শা বেগমকে (৫১) গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’
ইত্তেফাক/অনি
