রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৯:০৪

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনার শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রিয়াদস্থ কমিউনিটির বিভিন্ন শ্রেণি ও পেশার অভিবাসীদের নিয়ে ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বিজয় অর্জন ও বাংলাদেশের উন্নয়ন’ বিষয়ে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি অভিবাসীরা এ ভার্চুয়াল সভায় যোগ দেন। অভিবাসীরা ভাষা আন্দোলন, ছয় দফা, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান, মহান বিজয় অর্জন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১, স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ ও ডেল্টা প্ল্যান নিয়ে বিষয় ভিত্তিক বক্তব্য প্রদান করেন। 

আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্রিশ লক্ষ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনদের স্মৃতির প্রতি। 

রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে নিরন্তর পরিশ্রম করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার গতিশীল নেতৃত্বের কারণে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত ও  দেশ, জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

ইত্তেফাক/এএএম